চার হাজার আনসারের বিরুদ্ধে পল্টন থানায় মামলা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৪ | আপডেট: ৪:৫৪ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় ৪ হাজার ১১৪ আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে ১১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) পল্টন থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন ভূইয়া বাদী হয়ে এই মামলা করেন। এই মামলায় ৯৫ জন আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ১০৯ জন আনসার সদস্যকে ঢাকার একটি আদালতে হাজির করা হয়েছে। আজ সোমবার দুপুর ১টা পর্যন্ত শাহবাগ, রমনা ও পল্টন থানায় দায়ের করা মামলায় ১০৯ জন আনসার সদস্যকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

আরও পড়ুন: অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান, যা বলল ডিএমপি

এর আগে গতকাল রোববার (২৫ আগস্ট) রাতে সচিবালয়ে আনসারদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার পরও বাহিনীটির একটি দল সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আটকে রেখেছেন এবং কর্মকর্তা-কর্মচারীদের মারধর করেছেন বলে ভিডিও বার্তায় অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে যাওয়ার আহ্বান জানান।

এ আহ্বানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলেই তাদের উদ্দেশ করে ইটপাটকেল নিক্ষেপ করেন আনসার সদস্যরা। কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে আনসার সদস্যরা। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরে শিক্ষার্থীরা আবারও জড়ো হয়ে আনসার সদস্যদের ধাওয়া করেন।

আরও পড়ুন: লাইসেন্স ছিল না, ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেও বন্ধ হয়নি টুপটুপ রিসোর্ট

 এ সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছোড়েন আনসাররা। গুলি, লাঠিপেটা ও ধাওয়া-পাল্টাধাওয়ায় অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।