রাকসু নির্বাচন ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১:০০ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৪:২৯ অপরাহ্ন, ২৮ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।রাজশাহী বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিতের জন্য পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু হওয়ার পর বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকার নিরাপত্তা জোরদারে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হচ্ছেন।

আরও পড়ুন: ফাঁকা ঢাকায় প্রযুক্তিনির্ভর ও বহুমাত্রিক নিরাপত্তা বলয় ডিএমপির

রাকসু নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন, এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন।

এবার রাকসুর ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪৭ জন প্রার্থী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হলে মোট ২৫৫টি পদে ৬০১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ছেলেদের ১১টি হলে ৪৬০ জন এবং মেয়েদের ৬টি হলে ১৪১ জন প্রার্থী রয়েছেন।

আরও পড়ুন: ঈদে নাশকতার সুনির্দিষ্ট হুমকি নেই, নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি: র‍্যাব ডিজি

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ শেষ হওয়ার ১৭ ঘণ্টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।