সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ২টি বিদেশি অস্ত্র ও বিপুল মাদকদ্রব্য জব্দ

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৪৩ অপরাহ্ন, ১২ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) দিনাজপুরের কোতোয়ালি থানাধীন গিলাবাড়ী সীমান্তে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০২টি বিদেশি ওয়ান শুটার গান, ০৪ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে।

গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে একটি মাদক চালানের সঙ্গে কিছু সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ বাংলাদেশে অনুপ্রবেশের সম্ভাবনা রয়েছে। এ তথ্যের প্রেক্ষিতে গত কয়েক সপ্তাহ ধরে সংশ্লিষ্ট এলাকায় অস্ত্র ও মাদক চোরাকারবারীদের গ্রেফতারের লক্ষ্যে বিজিবি তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে বিজিবির একটি চৌকস টহলদল মোহনপুর বিওপির দায়িত্বপূর্ণ কোতোয়ালি থানাধীন শংকরপুর ইউনিয়নের গিলাবাড়ী এলাকায় কৌশলগতভাবে ওঁত পেতে অবস্থান নেয়। অদ্য ০৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক রাত ০৩.২৫ ঘটিকায় সীমান্ত পিলার ৩০৮/১৯-এস হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গিলাবাড়ী এলাকায় কয়েকজন চোরাকারবারীকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখা যায়। টহলদল তাদের ঘেরাও করার জন্য অগ্রসর হলে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে সঙ্গে থাকা ০৬টি মালামালভর্তি বস্তা ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়।

আরও পড়ুন: ৯৯৯-এ ফোনের দুই ঘণ্টায় ডাকাতি হওয়া ৩১টি গরুসহ ট্রাক উদ্ধার, মিনিট্রাক জব্দ

পরবর্তীতে টহলদল বস্তাগুলো তল্লাশি করে এর ভেতর থেকে ০২টি বিদেশি ওয়ান শুটার গান ও ০৪ রাউন্ড গুলি উদ্ধার করে। একই সঙ্গে উদ্ধার করা হয় ১০০ বোতল ফেন্সিডিল, ৫০০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২৫ বোতল বিদেশি মদ এবং ২৭ বোতল আমলকুল।

 এ ব্যাপারে ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক জানান, অত্র ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং যেকোনো ধরনের অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণের পাশাপাশি সীমান্ত এলাকাকে শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত রাখতে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন: বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের খায়রুল বাশার বাহারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক