৯৯৯-এর ফোনকল পেয়ে বাঁশখালীতে পানিবন্দি ঘর থেকে শিশু, গর্ভবতী নারীসহ ১৩ জনকে উদ্ধার
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চেচুরিয়া এলাকায় জলাবদ্ধতার মধ্যে একটি কুঁড়েঘরে আটকা পড়া শিশু, গর্ভবতী নারী ও বৃদ্ধাসহ ১৩ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনকল পাওয়ার পর উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (৮ জুলাই ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর আসে যে, বাঁশখালী উপজেলার জলকদর খালের ওপর চেচুরিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় একটি কুঁড়েঘরে কয়েকজন মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। খবর পেয়ে বাঁশখালী ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
আরও পড়ুন: ছাত্র আন্দোলনে সমর্থন জানানো অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানকে এবার চাকুরিচ্যুত করা হচ্ছে
বাঁশখালী ফায়ার স্টেশনের ইনচার্জ মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পৌঁছে পানির তীব্র স্রোতের কারণে রশিসহ প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম স্থাপন করতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। এরপর পর্যায়ক্রমে আট মাস বয়সী এক শিশুসহ গর্ভবতী নারী, এক বৃদ্ধা এবং মোট ১৩ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে সাত থেকে আট বছর বয়সী আরও কয়েকজন শিশুও ছিল।
তিনি আরও জানান, পানির প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান শেষ করতে রাত সাড়ে ১০টারও বেশি সময় লেগে যায়।
আরও পড়ুন: বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা জলাবদ্ধতায় তলিয়ে গেছে। ফলে নিম্নাঞ্চলের অনেক মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছেন।





