সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ
রাষ্ট্রমালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি–এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক সচিব মোহাম্মদ আইয়ুব মিয়া। সোমবার (১৬ মার্চ) তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে মোহাম্মদ আইয়ুব মিয়া উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।
গত বছরের ৭ ডিসেম্বর তাকে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার গুঞ্জন
উল্লেখ্য, তারল্য সংকটে থাকা এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক—এই পাঁচটি ব্যাংক একীভূত করে গঠন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক।
ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২০ হাজার কোটি টাকা সরকার দিয়েছে, আর বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ার থেকে সংগ্রহ করা হবে।
আরও পড়ুন: প্রিমিয়ার ব্যাংকের বর্তমান পর্ষদ ভেঙ্গে দেয়ার দাবি সাবেক পরিচালকদের নানা অনিয়মের অভিযোগ
এদিকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগেও জটিলতা তৈরি হয়েছে। এর আগে বিভিন্ন প্রক্রিয়া শেষে নাবিল মুস্তাফিজুর রহমানকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি)। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি যোগ দেননি।
বর্তমানে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বলে জানা গেছে।





