নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: ঢাকা মেট্রোপলিটন এলাকায় পাঁচজনের কারাদণ্ড

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৪৭ পূর্বাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামী বাংলাদেশের এক কর্মীসহ পাঁচজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে এসব সাজা দেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, সূত্রাপুর এলাকায় নগদ অর্থ বিতরণের প্রস্তুতিকালে জামায়াতের কর্মী হাবিবুর রহমান (৬৩) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ঘটনাস্থলেই সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে তাকে দুই দিনের কারাদণ্ড প্রদান করেন।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

এ সময় তার কাছ থেকে ১২টি খামে রাখা নগদ অর্থ জব্দ করা হয়। প্রতি খামে ৫০০ টাকা করে মোট ৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জব্দকৃত অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

অপর এক ঘটনায় ওয়ারী বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সন্তোষজনক কারণ ব্যতীত ঘোরাফেরার অভিযোগে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে দুইজনকে দণ্ড দেন। তাদের মধ্যে একজনকে এক মাস এবং অন্যজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন: বিদেশি প্রতিষ্ঠানে চাকরির প্রলোভনে প্রতারণা, চক্রের নারী সদস্য গ্রেপ্তার

এছাড়া মতিঝিল বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান মুগদা থানার একটি মামলায় দুই ব্যক্তিকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করেন। জনগণের মাধ্যমে আটক হওয়ার পর পুলিশের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ৭৫ ধারায় তাদের এই সাজা দেওয়া হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।