১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৪:০৮ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের (থার্ড টার্মিনাল) প্রাথমিক কার্যক্রম শুরু হচ্ছে। এর আগে আগামী ৩০ নভেম্বরের মধ্যে টার্মিনালটি পরিচালনার চুক্তি সই করা হবে। শুরুতে চারটি ফ্লাইট দিয়ে কার্যক্রম চালু হবে। পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী জানান, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনালের কার্যক্রম চারটি ফ্লাইট দিয়ে শুরু হবে। প্রাথমিকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সিঙ্গাপুর এয়ারলাইনসসহ কয়েকটি এয়ারলাইনসের ফ্লাইট পরিচালিত হবে। পরে ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে।

আরও পড়ুন: সেন্ট্রাল আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন

থার্ড টার্মিনাল পরিচালনার চুক্তির শর্ত নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সম্ভাব্যতা যাচাইয়ে দেখা গেছে, ১০০ কিলোমিটারের মধ্যে আরেকটি বিমানবন্দরের প্রয়োজন নেই। এ ছাড়া আগামী ১৫ বছরের মধ্যে নতুন একটি বিমানবন্দর নির্মাণ করাও কঠিন। এসব বিষয় বিবেচনায় নিয়ে শর্ত মেনে নেওয়া হয়েছে।

তিনি বলেন, এ চুক্তির কারণে বাংলাদেশ খুব একটা পিছিয়ে পড়েনি। তবে থার্ড টার্মিনালের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগতে পারে।

আরও পড়ুন: ১০ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে

এদিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর নিয়েও কথা বলেন বিমানমন্ত্রী। তিনি জানান, বিমানবন্দরটির প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় নিয়ে এটি উদ্বোধন করা হবে। তবে আগামী ১ ডিসেম্বর কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হচ্ছে না।