ঈদের আগের দিন রাজধানীতে ঝড়-বৃষ্টি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ন, ২০ মার্চ ২০২৬ | আপডেট: ১:৩৬ অপরাহ্ন, ২৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঈদের আগের দিন রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো ভারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ায় নগরবাসীকে পড়তে হচ্ছে দুর্ভোগে।

শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার পর থেকে রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি শুরু হয়। এ সময় বিকট শব্দে বজ্রপাত, বিদ্যুতের ঝলকানি এবং মেঘের গর্জনে পরিবেশ ভারী হয়ে ওঠে।

আরও পড়ুন: ‘ভইরা দে’ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: রাজধানীর ৫ হাজার ইয়াবাসহ পুলিশ কর্মকর্তা গ্রেফতার

শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঈদের দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, যা কয়েকদিন অব্যাহত থাকতে পারে।