দোকানপাট ও শপিংমল খোলার সময় নিয়ে নতুন সিদ্ধান্ত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:২৯ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দোকানপাট ও শপিংমল বন্ধের সময়সীমায় পরিবর্তন এনেছে সরকার। পূর্বনির্ধারিত সন্ধ্যা ৬টার পরিবর্তে এখন থেকে রাত ৭টা পর্যন্ত বিপণিবিতান খোলা রাখা যাবে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য জানান। তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ও পহেলা বৈশাখকে সামনে রেখে দোকান মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সময়সীমা এক ঘণ্টা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। নতুন এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হয়েছে।

আরও পড়ুন: গাজীপুর থেকে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান শুরু: ডাঃ এম এ মুহিত

এর আগে শনিবার (৪ এপ্রিল) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে সন্ধ্যা ৬টার সময়সীমা বহাল রাখার কথা জানিয়েছিলেন। তবে ব্যবসায়ীদের দাবির মুখে বিষয়টি পুনর্বিবেচনা করে সরকার নতুন সিদ্ধান্ত নেয়।

জ্বালানি প্রতিমন্ত্রী জানান, দেশে এপ্রিল মাসের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। পাশাপাশি আগামী তিন মাসের চাহিদা পূরণের মতো পেট্রোল ও অকটেন সংরক্ষিত আছে। তিনি আরও বলেন, জ্বালানি তেল আমদানির জন্য নতুন উৎস পাওয়া গেছে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন: কোটি টাকা প্রতারণার অভিযোগে ঢাবি ছাত্রদল নেতা আটক

প্রধানমন্ত্রী ইতোমধ্যে তিন মাসের আগাম জ্বালানি তেল সংরক্ষণের নির্দেশনা দিয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জ্বালানি তেল সরবরাহে কৃষকদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সেচ মৌসুমে যেন কৃষকদের কোনো সমস্যা না হয়, সে লক্ষ্যে জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে সরকার দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। তবে দেশের প্রায় ৭০ লাখ দোকান মালিক ও আড়াই কোটি কর্মচারীর জীবিকা এবং আসন্ন উৎসবের কেনাকাটা বিবেচনায় ব্যবসায়ীরা সময় বাড়ানোর দাবি জানান।

সরকারের নতুন সিদ্ধান্তে ব্যবসায়ী মহলে স্বস্তি ফিরে এসেছে। তবে অফিস-আদালত আগের ঘোষণা অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্তই চলবে।