ধানমন্ডিতে ৮৯ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, চোরাচালান চক্রের দুই সদস্য গ্রেফতার
রাজধানীর ধানমন্ডিতে অভিযান চালিয়ে প্রায় ৮৯ লাখ টাকা মূল্যের চোরাচালানকৃত স্বর্ণালংকার উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি মডেল থানা পুলিশ। এ ঘটনায় স্বর্ণ চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন গোবিন্দ মন্ডল (৫২) ও রাজন চন্দ্র সরকার (৩৫)।
আরও পড়ুন: পূর্বাচল ৩০০ ফিটে রাজউকের অনুমোদনহীন ১৫ বিলবোর্ড উচ্ছেদ
ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনা চোরাচালানকৃত স্বর্ণের একটি চালান ধানমন্ডি হয়ে হাজারীবাগ এলাকায় নেওয়া হবে।
এ তথ্যের ভিত্তিতে ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মোগল কাবাবের সামনে চেকপোস্ট স্থাপন করে পুলিশের একটি দল। এ সময় একটি মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে থামিয়ে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে চোরাচালানকৃত স্বর্ণালংকার উদ্ধার করা হয়। একই সঙ্গে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
আরও পড়ুন: রাড্ডায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় সাইবার দলের নেতা গ্রেপ্তার
পুলিশ জানায়, উদ্ধার হওয়া স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৯ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন, বিদেশ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা স্বর্ণ বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে তারা বহন করছিলেন।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ধানমন্ডি মডেল থানা পুলিশ।





