২০২৭ সালের জুনের মধ্যে খুলবে শহীদ জিয়া শিশু পার্ক
২০২৭ সালের ৩০ জুনের মধ্যে রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ জিয়া শিশু পার্ক সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে শাহবাগে শহীদ জিয়া শিশু পার্ক প্রকল্প এলাকায় পূবালী ব্যাংক পিএলসির ‘শিশু পার্ক শাখা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢাকা মেডিকেলে তিন কারাবন্দীর মৃত্যু
শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকীকরণ প্রকল্পের অংশ হিসেবে পার্ক প্রাঙ্গণে পূবালী ব্যাংকের শাখা ভবনটি নতুন করে নির্মাণ করা হয়েছে।
অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুততম সময়ে পার্কের অবশিষ্ট কাজ শেষ করার উদ্যোগ নিয়েছে। বর্তমানে প্রকল্পের ভৌত অগ্রগতি ৩০ শতাংশ। শিশুদের বিনোদনের জন্য ১৫টি অত্যাধুনিক রাইড কেনার লক্ষ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। এসব রাইডই পুরো প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজ।
আরও পড়ুন: উত্তরার হোটেল কক্ষ থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই শিশুদের জন্য একটি আধুনিক পার্ক উপহার দেওয়া সম্ভব হবে।
ঢাকা শহরকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান মো. আবদুস সালাম। তিনি বলেন, রাস্তার সৌন্দর্যবর্ধন, পরিচ্ছন্নতা বজায় রাখা, বৃক্ষরোপণসহ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় সবাইকে অংশ নিতে হবে।
এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও আশপাশের আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক। কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকেও নজর দেওয়ার আহ্বান জানান তিনি। নাগরিক সচেতনতাই ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রধান উপায় বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। এ সময় সিটি করপোরেশন ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





