তেজগাঁওয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৮:০৩ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে মারধরের পর মৃত্যুর অভিযোগ উঠেছে আনসার সদস্যদের বিরুদ্ধে। নিহত যুবকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বিটিসিএল কার্যালয়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রাজধানীতে স্বস্তির বৃষ্টি, কমেছে গরমের তীব্রতা

বিটিসিএলের এক কর্মচারী জানান, সকালে ওই যুবকসহ তিনজন দেয়াল টপকে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে কর্মকর্তা-কর্মচারীরা একজনকে আটক করতে সক্ষম হলেও বাকি দুজন পালিয়ে যান।

আটক যুবককে পরে কার্যালয়ে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। কর্মচারীর অভিযোগ, এরপর আনসার সদস্যরা তাকে মারধর করেন। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ওই যুবক অচেতন হয়ে পড়েন।

আরও পড়ুন: মশক নিয়ন্ত্রণে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি সম্পর্কে তারা খবর পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।