যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, অটোরিকশাচালক আহত
রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে ইবাদুর রহমান (২৬) নামে এক অটোরিকশাচালক আহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
আহত ইবাদুর রহমান কুড়িগ্রামের অলিপুর থানার সাদুল্লা গ্রামের লুৎফুর রহমানের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর মুগদার মান্ডা এলাকায় বসবাস করেন।
আরও পড়ুন: যাত্রাবাড়ীর থানার সামনেসহ ৪জায়গায় রহস্যজনক ককটেল বিস্ফোরণ
জানা গেছে, বিস্ফোরণের সময় ইবাদুর আহত হন। পরে যাত্রাবাড়ী থানার কনস্টেবল তুহিন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। রাত ৮টা ২৫ মিনিটের দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
ঘটনার পরপরই পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। নিরাপত্তার জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার হাসেনুর রহমান জানান, ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
আরও পড়ুন: তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, ককটেল বিস্ফোরণে একজন অটোরিকশাচালক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, যাত্রাবাড়ী থানা এলাকা থেকে আহত অবস্থায় এক রিকশাচালককে হাসপাতালে আনা হয়েছে। তিনি ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন বলে জানা গেছে।
এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন এলাকা ও মহাখালীতে পৃথক ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।
এদিকে, যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাগুলো খতিয়ে দেখছে। মালিবাগের ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।





