গুলিস্তানে বোমা ভেবে আতঙ্ক, তল্লাশিতে মিলল পচা ফল ও কাপড়

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪৪ পূর্বাহ্ন, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৯:২২ পূর্বাহ্ন, ২০ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে মতিউর পার্কের পাশে বোমার আদলে তৈরি একটি সন্দেহজনক বস্তু ঘিরে রাতের বেলা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা পরীক্ষা করে জানান, বস্তুটির ভেতরে কোনো বিস্ফোরক ছিল না। সেখানে পাওয়া যায় পুরোনো কাপড়চোপড় ও পচা ফল।

সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পার্কের দক্ষিণ-পূর্ব কোণে বস্তুটি পড়ে থাকতে দেখা যায়। দেখতে বোমার মতো হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে মতিঝিল থানা-পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

আরও পড়ুন: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

সতর্কতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষার পর বস্তুটি খুলে দেখা যায়, এর ভেতরে বিস্ফোরকজাতীয় কোনো উপাদান নেই। বরং পুরোনো কাপড়চোপড় ও বিভিন্ন ধরনের পচা ফল পাওয়া যায়।

মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ জানান, বস্তুটি বাইরে থেকে বোমার আদলে তৈরি করা হয়েছিল। তবে পরীক্ষা করে এর ভেতরে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

আরও পড়ুন: গুলশান-বনানীসহ ঢাকার কয়েকটি এলাকায় পরিবর্তন হচ্ছে বিটিসিএলের টেলিফোন নম্বর

কে বা কারা এবং কী উদ্দেশ্যে বস্তুটি পার্কের পাশে রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।