গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ন, ০৮ অগাস্ট ২০২৫ | আপডেট: ১১:৫৮ পূর্বাহ্ন, ০৮ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চাঁদাবাজি নিয়ে ফেসবুকে লাইভ করার পর সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে এবং পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন।

আরও পড়ুন: খুলনায় পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই গোলাগুলি, নিহত ১ ও বিএনপি নেতা গুলিবিদ্ধ

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে তুহিন চান্দনা চৌরাস্তা এলাকার ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে ফেসবুকে একটি লাইভ করেন। এরপর রাত ৮টার দিকে তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা’ লিখে একটি ভিডিও পোস্ট করেন।

রাত পৌনে ৮টার দিকে তুহিন চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে চা পান করছিলেন। এ সময় হঠাৎ করে কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১

এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা জানার চেষ্টা চলছে।