অধিক মুনাফার প্রলোভনে ৬০০ কোটি টাকা আত্মসাৎ, এনজিও পরিচালক গ্রেফতার
অধিক মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে প্রায় ৬০০ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে ‘বন্ধু মিতালী ফাউন্ডেশন’ নামের এনজিওর পরিচালক মো. নাজিম উদ্দিন তনু (৩৭)–কে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার (১৯ নভেম্বর ২০২৫) সকালে ঢাকার দক্ষিণখান এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় সিআইডির এলআইসি ইউনিট অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
আরও পড়ুন: চাঁদার দাবিতে রূপগঞ্জে কারখানায় হামলা লুট, মামলা করায় মালিককে হত্যার হুমকি
মামলার বাদী জানান, নওগাঁ সদরের অফিসপাড়া এলাকায় নিবন্ধিত এনজিও ‘বন্ধু মিতালী ফাউন্ডেশন (রেজি. নং–রাজ-৩৭০)’–এ সঞ্চয়, মাসিক ডিপিএস ও এককালীন ঋণ গ্রহণের উদ্দেশ্যে বহু গ্রাহক নিবন্ধন করেন।
প্রতি মাসে ১ লাখ টাকার বিপরীতে ২ হাজার টাকা লভ্যাংশ দেওয়ার প্রলোভন দেখানো হতো। বাদীর নিজের আমানত ছিল ২০ লাখ টাকা। তাদের দাবি, গ্রাহকদের মোট জমা প্রায় ১৫০ কোটি টাকা।
আরও পড়ুন: ভাটারা থানার ওসির অ্যাকাউন্টে ৩২ লাখ টাকার রহস্যময় লেনদেন
সিআইডির তদন্তে জানা গেছে, প্রথমদিকে পরিচালকদের মনোনীত কিছু গ্রাহককে প্রতিশ্রুত লভ্যাংশ দেওয়া হলেও ধীরে ধীরে লেনদেনে অস্বচ্ছতা দেখা দিতে থাকে।
২০২৪ সালের আগস্টের পর থেকে অনেক গ্রাহক তাদের জমাকৃত অর্থ উত্তোলন করতে না পারলে কর্তৃপক্ষ নানা টালবাহানা শুরু করে।
নভেম্বর মাসে গ্রাহকরা প্রতিষ্ঠানে গিয়ে অর্থ চাইলে তাদের কোনো অর্থ দেওয়া হবে না জানিয়ে অফিস থেকে বের করে দেওয়া হয়।
ঘটনার পর নওগাঁ সদর থানায় মামলা নং–২০, তারিখ: ১২/১১/২০২৪, ধারা ৪০৬/৪২০ পেনাল কোডে মামলা দায়ের করা হয়।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, ইতোমধ্যে ৮০০–র বেশি গ্রাহক প্রায় ৬০০ কোটিরও বেশি টাকা প্রতারণার শিকার হয়েছেন।
মামলাটি সিআইডির নওগাঁ জেলা ইউনিট তদন্ত করছে। ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে এখন পর্যন্ত পরিচালক নাজিম উদ্দিন তনুসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
সিআইডি জানিয়েছে, আত্মসাৎকৃত অর্থের ব্যবহারের পূর্ণাঙ্গ তথ্য, পলাতক সদস্যদের পরিচয় ও চক্রের অন্য সদস্যদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।





