মিটার ইনডেক্সে ম্যাগনেট ব্যবহারের মাধ্যমে গ্যাস চুরি, মেসার্স আলিজান স্টীল ইন্ডাস্ট্রির সংযোগ বিচ্ছিন্ন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ন, ১০ মে ২০২৬ | আপডেট: ১১:০৩ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মিটার ইনডেক্সে ম্যাগনেট ব্যবহার করে অবৈধভাবে গ্যাস ব্যবহার ও চুরির অভিযোগে মেসার্স আলিজান স্টীল ইন্ডাস্ট্রির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গত ০৯ মে ২০২৬ সকাল ৬টা ৪৫ মিনিটে মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-১ এর আওতাধীন ক্যাপটিভ পাওয়ার শ্রেণির গ্রাহক মেসার্স আলিজান স্টীল ইন্ডাস্ট্রি-২ (গ্রাহক সংকেত-৮-০৭-০০০২৪৭), প্লট নং-২১, রোড নং-১০, শ্যামপুর-কদমতলী শিল্প এলাকায় ভিজিল্যান্স ডিভিশনের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন: খুলনায় পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই গোলাগুলি, নিহত ১ ও বিএনপি নেতা গুলিবিদ্ধ

অভিযানকালে টিম সদস্যরা গেট বন্ধ থাকায় দক্ষিণ পাশের প্রবেশপথ দিয়ে কারখানা এলাকায় প্রবেশ করেন। পরে জেনারেটর রুম ও কন্ট্রোল রুম অতিক্রম করে আরএমএস (RMS) রুমের সামনে যান। সেখানে ৩টি জেনারেটর চালু অবস্থায় পাওয়া যায়। তবে আরএমএস রুম তালাবদ্ধ ছিল।

পরবর্তীতে গ্রিলের বাইরে থেকে দেখা যায়, মিটার ইনডেক্সের উপর কালো টেপে মোড়ানো ম্যাগনেট সদৃশ একটি বস্তু স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে মিটারের স্বাভাবিক গ্যাস মাপার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছিল বলে ধারণা করা হয়।

আরও পড়ুন: ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১

আরএমএস রুমের চাবি চাইলে উপস্থিত দারোয়ান ও গ্রাহক প্রতিনিধিরা দীর্ঘ সময় কালক্ষেপণ করেন এবং চাবি সরবরাহ করেননি। পরিস্থিতি বিবেচনায় টিম নিজেদের নিরাপত্তার স্বার্থে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে পুলিশ সহায়তা চায়।

পরে সকাল ৮টা ৪০ মিনিটের দিকে শ্রমিকদের একটি অংশ জড়ো হয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে এবং টিমকে ধাক্কাধাক্কি করে গেটের বাইরে বের করে দেয় বলে জানা গেছে। এরপর গেট বন্ধ করে দেওয়া হয়।

এদিকে সকাল ৮টা ৫০ মিনিটে কদমতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও গেট বন্ধ থাকায় তারা ভেতরে প্রবেশ করতে পারেনি।

পরে কর্তৃপক্ষের নির্দেশনায় বাইরের দিক থেকে ভাল্বপিটের ভাল্ব বন্ধ করা হয়। ভাল্বে প্লাস্টিক সীলের আংটা না থাকায় স্বাক্ষরযুক্ত কাগজের সীল ব্যবহার করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট জোন কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

পরবর্তীতে ১০ মে ২০২৬ তারিখে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় অভিযানে মেসার্স আলিজান স্টীল ইন্ডাস্ট্রির গ্যাস সংযোগটি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা হয়।