ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:১২ পূর্বাহ্ন, ০১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিপরীত পাশে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময়  একজনকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- রেজাউল ইসলাম (২৩)।

ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২:২৬ ঘটিকায়  ধানমন্ডি ১১/এ নম্বর সড়কের একটি বাসার সামনে পাকা রাস্তার ওপর এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় পুলিশ রেজাউলকে গ্রেফতার করে।

আরও পড়ুন: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, আনুমানিক ১০-১২ দিন আগে নিউমার্কেট এলাকার একটি চায়ের দোকানে অজ্ঞাত এক ব্যক্তি তাকে আইসিটির সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর প্রস্তাব দেয়। বিনিময়ে তাকে ৫০ হাজার টাকা দেওয়ার চুক্তি করা হয়। সেই পরিকল্পনা অনুযায়ী গত ২৮ সেপ্টেম্বর ঘটনাস্থল রেকি  করে যায় সে। পরবর্তীতে ৩০ সেপ্টেম্বর মধ্যরাতে ঘটনাস্থলে এসে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গলির ভেতর দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে।

ককটেল বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: অভিযানেও থামছে না কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য