অটোরিকশা চালককে অজ্ঞান করে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩
রাজধানীতে এক অটোরিকশা চালককে অজ্ঞান করে হত্যার অভিযোগে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. দেলোয়ার হোসেন ওরফে হৃদয় (৪০), মো. মানিক সরদার (৫২) এবং মো. লিটন (৫০)।
ওয়ারী থানা সূত্রে জানা যায়, গত ২৮ জুন রাত আনুমানিক ৯টার দিকে খিলগাঁও এলাকা থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন চালক দিদারুল ইসলাম। পরদিন ২৯ জুন রাত আনুমানিক ৪টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ওয়ারী থানাধীন নবাবপুর রোড এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১
চিকিৎসাধীন অবস্থায় গত ২ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রথমে ওয়ারী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে ওয়ারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করে। এরপর বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে গাজীপুরের শ্রীপুর, ঢাকার কেরানীগঞ্জ এবং ডিএমপির লালবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: কমলাপুরে নারীর কানের দুল ছিনতাই, ট্রাফিক পুলিশের তৎপরতায় ছিনতাইকারী আটক
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ছিনতাইকৃত একটি অটোরিকশা, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অজ্ঞানপার্টি চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। পুলিশ বলছে, তারা যাত্রী সেজে অটোরিকশা চালকদের অজ্ঞান করে যানবাহন ও মালামাল ছিনিয়ে নিত।
ওয়ারী থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।





