অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা, নড়াইলে গ্রেপ্তার ২
অনলাইনে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে নড়াইল থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আকাশ শেখ (২৩) ও রুমান শেখ (২৪)।
আরও পড়ুন: প্রতিদিন গড়ে ১০টি খুন, নিয়ন্ত্রণে আসছে না সহিংসতা-হত্যাকাণ্ড
ডিবি সূত্র জানায়, গ্রেপ্তার দুজন সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন ও ভিডিও প্রচার করে আগ্রহীদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতেন। পরে ক্রেতার কাছ থেকে অগ্রিম টাকা নেওয়ার পর তাকে ব্লক করে দিতেন। এভাবে প্রতারণার মাধ্যমে তারা অর্থ হাতিয়ে নিতেন বলে অভিযোগ পুলিশের।
ডিএমপি জানায়, গত ২৩ আগস্ট সাইবার অপরাধ পর্যবেক্ষণের সময় ‘সোনালী পিস্তল হাউজ বেনাপোল’ নামের একটি ফেসবুক পেজে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন দেখতে পায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের একটি দল। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পেজটির অ্যাডমিনদের অবস্থান শনাক্ত করা হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১
এরপর সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাতে নড়াইল সদর থানার ধোন্দা ও রঘুনাথপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে আকাশ শেখ ও রুমান শেখকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় রমনা মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
পুলিশ আরও জানিয়েছে, এই প্রতারণার সঙ্গে জড়িত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





