মানিক মিয়া এভিনিউয়ে প্রধান শিক্ষিকা নিহত, ২ ছিনতাইকারী গ্রেপ্তার

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:৩৮ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় ছিনতাইয়ের সময় রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন (৫৬) নিহত হওয়ার ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. খোকন (৩৫) ও মো. রাজিব মাতুব্বর (৩৬)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, নিহত শিক্ষিকার ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় রাজিবের কাছ থেকে ৬২২টি ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: অনলাইন বেটিং ও অর্থপাচার চক্রের আরও ২ সদস্য গ্রেফতার

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৯ আগস্ট ২০২৬ সকালে স্বামীর সঙ্গে রিকশায় করে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন সড়ক দিয়ে যাচ্ছিলেন রনজিলা পারভিন। শেরেবাংলা নগর থানাধীন মানিক মিয়া এভিনিউয়ের পূর্বপ্রান্তে ১২ নম্বর গেট পার হয়ে খেজুর বাগানের দিকে যাওয়ার সময় মোটরসাইকেলে থাকা খোকন ও রাজিব তাদের পিছু নেয়।


আরও পড়ুন: অনলাইন জুয়া ও অর্থপাচার: টাঙ্গাইলে আরও ৪ জন গ্রেপ্তার

খেজুর বাগানের সামনে পৌঁছালে মোটরসাইকেলের পেছনে থাকা খোকন রনজিলা পারভিনের হাতে থাকা ব্যাগ ধরে সজোরে টান দেয়। এতে ভারসাম্য হারিয়ে চলন্ত রিকশা থেকে পাকা সড়কে পড়ে যান তিনি। মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্বামী মো. আব্দুল মতিন (৫৩) বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

ঘটনার পর থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশের তেজগাঁও বিভাগ ছায়াতদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্য সংগ্রহ ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত করা হয় বলে জানিয়েছে ডিবি। পরে ঢাকা, সাভার ও মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে খোকন ও রাজিবকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুরের বড়বাগ এলাকা থেকে নিহতের ছিনতাই হওয়া ব্যাগ উদ্ধার করা হয়। পরে মিরপুর-১-এর কো-অপারেটিভ মার্কেট থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। এ ছাড়া রাজিব মাতুব্বরের দেখানো অনুযায়ী ভাষানটেকের দেওয়ানপাড়া এলাকা থেকে ছিনতাইয়ের সময় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

ডিবি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ছিনতাই ও হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।