শুটিংয়ে ফিরলেন টাইগার শ্রফ

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:৫৫ পূর্বাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুম্বাইয়ে নিজের গাড়িতে গুলির ঘটনার পর থেকে শুটিংয়ের বাইরে ছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। তবে বিরতি কাটিয়ে আবারও কাজে ফিরেছেন তিনি। নতুন সিনেমা ‘লাগ যা গালে’র শুটিংয়ে অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে সময় কাটাচ্ছেন টাইগার। সম্প্রতি পুণেতে সিনেমাটির শুটিং শেষ করেছেন তারা। দীর্ঘ বিরতির পর শুটিং সেটে টাইগারের উপস্থিতি ভক্তদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে।

গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহু এলাকায় ঘটে গুলির ঘটনা। একটি ফুটবল মাঠে খেলা শেষে গাড়িতে ফেরার সময় মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত টাইগারের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এ ঘটনায় অভিনেতা অক্ষত থাকলেও তার গাড়িচালকসহ আরও একজন আহত হন। ঘটনার পর নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে শুটিং থেকে বিরতি নেন টাইগার।

আরও পড়ুন: পুরস্কার নয়, নিজের কাজের প্রতিই ভাবনার ভালোবাসা

পরবর্তী সময়ে তার নতুন সিনেমার শুটিং ঘিরে বাড়ানো হয় নিরাপত্তাব্যবস্থা। সম্প্রতি পুণের একটি নাইটক্লাবে জাহ্নবীর সঙ্গে টাইগারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন ক্লাবটির মালিক আরিয়ান নাভালে। তিনি জানান, ওই ক্লাবেও সিনেমাটির শুটিং হয়েছে। দুই তারকার সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তাদের স্বাগত জানান তিনি

এদিকে সিনেমাটির পুণে পর্বের শুটিং শেষ হওয়ার খবর জানিয়েছেন ছবির কেশ ও রূপসজ্জাশিল্পী সৌরভ রায়। সেট থেকে একটি কেকের ছবি প্রকাশ করে তিনি শুটিং শেষ হওয়ার বিষয়টি জানান। সেই ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন জাহ্নবীও।

আরও পড়ুন: রক্ষা নেই অমিতাভ-অভিষেকের! হত্যার হুমকি গ্যাংস্টার গোল্ডি ঢিলোঁর

রাজ মেহতার পরিচালনায় নির্মিত হচ্ছে ‘লাগ যা গালে’। টাইগার ও জাহ্নবী ছাড়াও এতে অভিনয় করছেন লক্ষ্য। সিনেমাটিতে ভিন্নধর্মী একটি চরিত্রে দেখা যাবে টাইগারকে। অভিনেতার ভাষ্য অনুযায়ী, এতে তিনি অভিনয় করছেন ‘অ্যান্টি-হিরো’ চরিত্রে। যার মধ্যে রয়েছে অন্ধকার ও অনিশ্চয়তার ছাপ।

এর আগে ‘গুড নিউজ’, ‘যুগ যুগ জিও’ ও ‘সেলফি’র মতো সিনেমা পরিচালনা করেছেন রাজ মেহতা। অন্যদিকে, টাইগারকে সর্বশেষ দেখা গেছে ‘বাগি ৪’ সিনেমায়। সামনে রেমো ডি’সুজার পরিচালনায় আরও একটি সিনেমায় অভিনয়ের কথা রয়েছে তার।