আবারও বাড়ল সোনার দাম

Any Akter
অর্থবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:৫৩ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার গহনার দাম। মাত্র এক দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। অর্থাৎ, ভ্যাটসহ এক ভরি ভালো মানের সোনার গহনা কিনতে এখন ক্রেতাকে গুনতে হবে প্রায় ২ লাখ টাকা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম বাড়ার কারণে গহনার দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

মঙ্গলবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়।

আরও পড়ুন: পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি মালিক-শ্রমিকপক্ষ

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: এবার এক লাফে বাড়লো সোনার দাম

এর আগে সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা নির্ধারণ করেছিল বাজুস। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।

অর্থাৎ, সোমবার ও মঙ্গলবারের দুই দফা মূল্যবৃদ্ধিতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম বেড়েছে মোট ৪ হাজার ৭২৪ টাকা।

উল্লেখ্য, এর আগে টানা আট দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম মোট ৩৪ হাজার ৬৯০ টাকা কমানো হয়েছিল। সেই দরপতনের পর এবার দুই দফায় আবার বাড়ল সোনার দাম।

সোনার দাম বাড়ানো হলেও রুপার গহনার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৩৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, এক ভরি সমান ১১ দশমিক ৬৬৪ গ্রাম।