তিন দফা বৃদ্ধির পর কমলো জেট ফুয়েলের দাম
টানা তিন দফায় মোট ১৩২ টাকা বাড়ানোর পর দেশে জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ০৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে বিইআরসি। সংস্থাটি জানিয়েছে, নতুন মূল্য ৭ মে রাত থেকেই কার্যকর হবে।
আরও পড়ুন: ভারত থেকে এলো তিন ট্রাক বিস্ফোরক দ্রব্য, নিরাপত্তায় বিশেষ নজরদারি
অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরের শুরুতে জেট ফুয়েলের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। জানুয়ারিতে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৯৪ টাকা ৯৩ পয়সা। ফেব্রুয়ারিতে সামান্য বৃদ্ধি পেয়ে তা দাঁড়ায় ৯৫ টাকা ১২ পয়সায়।
আরও পড়ুন: ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
তবে ফেব্রুয়ারির শেষভাগে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরবরাহ সংকট দেখা দিলে মার্চ মাস থেকে দ্রুত বাড়তে থাকে জেট ফুয়েলের দাম। প্রথম দফায় দাম বেড়ে হয় ১১২ টাকা ৪১ পয়সা। পরে ২৪ মার্চ দ্বিতীয় দফায় তা বেড়ে দাঁড়ায় ২০২ টাকা ২৯ পয়সায়। সর্বশেষ এপ্রিলে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ০৮ পয়সায় পৌঁছায়।
সাম্প্রতিক মূল্য কমানোর সিদ্ধান্তে বিমান পরিবহন খাতে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





