মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিনিরাপত্তা বিষয়ে ফায়ার সার্ভিসের মহড়া

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৩৬ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ ও মহড়া আয়োজন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টায় ঢাকা-১৭ সংসদীয় আসনাধীন সাততলা বস্তিতে এ কার্যক্রম শুরু হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকের নির্দেশনায় আয়োজিত এ মহড়ায় বস্তিবাসীদের অগ্নিপ্রতিরোধে করণীয়, আগুন লাগার প্রাথমিক পর্যায়ে করণীয় এবং ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের নিয়ম শেখানো হয়।

আরও পড়ুন: ডেঙ্গু নিয়ন্ত্রণে ৫০ শতাংশ দায়িত্ব নাগরিকদের, ডিএসসিসি প্রশাসকের আহ্বান

এ ছাড়া অগ্নিনির্বাপণ যন্ত্র না থাকলে মোটা কাপড় বা চটের বস্তা পানিতে ভিজিয়ে আগুন নেভানোর কৌশল শেখানো হয়। পরে গ্যাস সিলিন্ডারে লাগা আগুন নেভানোর পদ্ধতি প্রদর্শন ও অনুশীলন করানো হয়।

মহড়ার পর ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে বস্তিবাসী, এলাকাবাসী ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে অগ্নিনির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক একটি কার্যকরী মহড়া অনুষ্ঠিত হয়। এতে বারিধারা, তেজগাঁও ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের সদস্যরা অংশ নেন।

আরও পড়ুন: গাবতলীতে বাসের চাপায় প্রাণ গেল দুই নারীর

মহড়া শেষে ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলু মিয়া, সিনিয়র সহসভাপতি শরীফ ভূঁইয়া এবং ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, বিএফএম (বার) সংক্ষিপ্ত বক্তব্য দেন।

পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা বস্তির বিভিন্ন এলাকা ও স্থাপনা পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে অগ্নিনিরাপত্তাবিষয়ক সচেতনতা বাড়াতে গণসংযোগ চালানো হয়।

অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনায় দ্রুত সহায়তা পেতে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ সম্পর্কে স্থানীয়দের অবহিত করা হয়। পাশাপাশি হটলাইন নম্বর ১০২-সংবলিত স্টিকার বিভিন্ন স্থানে লাগানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, জোন কমান্ডার ফয়সলুর রহমান ও মো. আব্দুল মন্নানসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীরা।