মহেশখালীতে তীব্র গ্যাস সংকটের সতর্কতা
মহেশখালীর এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর ফলে তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় সব শ্রেণির গ্রাহককে তীব্র গ্যাসের স্বল্পচাপের মুখে পড়তে হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার এক জরুরি বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানায়, কারিগরি ত্রুটির কারণে মহেশখালীস্থ এলএনজি টার্মিনাল থেকে প্রায় ৪৫০ এমএমসিএফডি (মিলিয়ন ঘনফুট প্রতিদিন) আরএলএনজি সরবরাহ কমে গেছে।
এর প্রভাবে তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকায় আবাসিক, শিল্প, বাণিজ্যিক, সিএনজি এবং অন্যান্য সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই সংকট অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
আরও পড়ুন: আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তবে কারিগরি সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত গ্রাহকদের সাময়িক ভোগান্তি পোহাতে হতে পারে।
বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আরও পড়ুন: বাজেট ইতিবাচক; ধীরে হলেও চলতি অর্থবছরে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: এডিবি’র পূর্বাভাস





