আজ ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন শেষ হচ্ছে

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ন, ৩০ নভেম্বর ২০২৩ | আপডেট: ৬:৪৭ পূর্বাহ্ন, ৩০ নভেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) প্রথমবারের মতো শুরু হওয়া ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শেষ হচ্ছে। এর আগে ১ নভেম্বর থেকে এ রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়। ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে শিক্ষার্থীপ্রতি ৫৮ টাকা ফি দিতে হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: নারীর ছদ্মবেশে জবি ক্যাম্পাসে যুবক, আটক করলো শিক্ষার্থীরা

জানা গেছে, অষ্টম ও নবম শ্রেণির পাশাপাশি ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদেরও এখন থেকে রেজিস্ট্রেশন করতে হবে। চলতি বছরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরাই প্রথমবারের মতো শিক্ষা বোর্ডে নিবন্ধিত হচ্ছে।

ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে শিক্ষার্থীর ফি ৫৮ টাকা। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

শিক্ষানীতি অনুযায়ী-৯ বছর পূর্ণ না হলে বা ১৫ বছরের বেশি বয়সের কেউ ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে পারবে না। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ২০ বছর। রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীদের জন্মনিবন্ধন সনদ থাকতে হবে।

শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য আপলোডের জন্য নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে তিন সদস্যের কমিটি গঠন করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশনের পর চূড়ান্ত তালিকা জমা দেওয়ার আগে কমিটির সদস্যরা ভর্তি ফরম ও সনদের সঙ্গে মিলিয়ে নিশ্চিত হবেন। চূড়ান্ত তালিকা প্রিন্ট করে প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। তথ্যে ভুল হলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা শিক্ষা বোর্ড জানায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশন ফি ৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে হবে। রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে সোনালী সেবার মাধ্যমে।

ব্যাংকে টাকা জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইএসআইএফ পূরণ করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে বা এ কারণে শিক্ষার্থীর কোনো সমস্যা হলে দায়দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে।