অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ন, ০২ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:৪০ পূর্বাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও সশরীর মিলিয়ে (ব্লেন্ডেড) ক্লাস চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে বিশ্ববিদ্যালয়গুলো এই পরিকল্পনার বাইরে থাকবে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ এবং মন্ত্রিসভার বৈঠকে আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

প্রস্তাব অনুযায়ী, সপ্তাহে ছয় দিনের ক্লাসের মধ্যে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীর ক্লাস পরিচালনার পরিকল্পনা রয়েছে। এক দিন অনলাইন ক্লাস হলে পরদিন সশরীর ক্লাস নেওয়া হবে। অনলাইন ক্লাস হলেও শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে পাঠদান করবেন। আর ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো সম্পূর্ণ সশরীরেই অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: গাকৃবিতে ২৯ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের তিন মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তিনি বলেন, এ বিষয়ে একটি প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বর্তমান বিশ্ব পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে জ্বালানি সংকট দেখা দিয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এই পরিস্থিতিতে জ্বালানির ব্যবহার কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন পাঠদান চালুর বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুন: প্রথমবারের মতো ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার