রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:৪৫ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার বাস্তবতা বিবেচনায় রাজধানীর কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে ব্লেনডেড (অনলাইন ও সশরীরে) ক্লাস পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ ঘোষণা দেন।

জানা গেছে, আগামী সপ্তাহ থেকেই এ পদ্ধতি চালু হতে পারে। প্রাথমিকভাবে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে এই কার্যক্রম শুরু করা হবে। পর্যায়ক্রমে সক্ষমতার ভিত্তিতে অন্যান্য প্রতিষ্ঠানেও এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: টিউশন ফি নিয়ে গবি প্রশাসনের সিদ্ধান্তে শিক্ষার্থীদের অসন্তোষ

নতুন এই ব্যবস্থায় সপ্তাহে মোট ছয় দিন ক্লাস অনুষ্ঠিত হবে। এর মধ্যে তিন দিন সশরীরে এবং তিন দিন অনলাইনে পাঠদান করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার, সোমবার ও বুধবার সশরীরে ক্লাস হবে। অন্যদিকে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এই পদ্ধতি বাস্তবায়নে সক্ষম, সেগুলোতেই আপাতত এটি চালু করা হবে। সশরীরে ক্লাসের দিনগুলোতে শিক্ষকেরা শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে পাঠদান করবেন। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের সময় সাশ্রয়, যানজট কমানো এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে খাপ খাওয়ানোর সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পেশাগত স্বাস্থ্য শিক্ষা IOSH স্বীকৃতিতে উজ্জ্বল বিইউএইচএস