অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী
সারাদেশে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
দেশব্যাপী একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। আজ সকাল ১০টা থেকে শুরু হওয়া এই পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। এবার মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করছে। গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে ৭১ হাজার ৬২৬ জন।
আরও পড়ুন: ঢাবিতে খানবাহাদুর আহ্ছানউল্লার শিক্ষা ও অধ্যাত্মচেতনা নিয়ে সেমিনার
বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা শিক্ষা বোর্ড-এ সবচেয়ে বেশি এবং সিলেট শিক্ষা বোর্ড-এ সবচেয়ে কম শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।
সাধারণ শিক্ষা বোর্ডে বিভাগভিত্তিক হিসাবে মানবিক বিভাগে পরীক্ষার্থী সংখ্যা সর্বোচ্চ—৬ লাখ ২৭ হাজার ৪৫১ জন। বিজ্ঞান বিভাগে অংশ নিচ্ছে ৫ লাখ ৬৯ হাজার ৭৬৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে রয়েছে ২ লাখ ২১ হাজার ১৮৪ জন শিক্ষার্থী। বেশিরভাগ ক্ষেত্রেই ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি।
আরও পড়ুন: ছাত্রদল নেতার উদ্যোগে ঢাবির বিজয় একাত্তর হলে গঠিত হচ্ছে ফিল্ম ক্লাব
অন্যদিকে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড-এর অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন। এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-এর পরীক্ষার্থী সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে কঠোর অবস্থান নিয়েছে শিক্ষা প্রশাসন। ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় সব পরীক্ষা কেন্দ্র সিসিটিভি নজরদারিতে রাখা হয়েছে। প্রশ্নফাঁস প্রতিরোধে গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতাও বাড়ানো হয়েছে। কেন্দ্রের আশপাশে ২০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি করে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। পাশাপাশি, পরীক্ষার সময় কেন্দ্রের ভেতরে মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে।
পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে, পরীক্ষাকেন্দ্রগুলোতে আকস্মিক পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী—এমন আলোচনা রয়েছে।
সূচি অনুযায়ী, বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হওয়া লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।





