ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ন, ২৬ জুন ২০২৬ | আপডেট: ৭:২০ অপরাহ্ন, ২৬ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‘ফলজ ও বনজ বৃক্ষে সমৃদ্ধ করি পরিবেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স (ডুফা, সেশন ১৯৯৫-৯৬) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে মা ও বোনের সঙ্গে খুন হলেন ঢাবি শিক্ষার্থী সায়মা

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াছ আল-মামুন, ডুফার সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের সাধারণ সম্পাদক রাশেদ কামাল অনিক এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম. আবু রাফি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রিয়াজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, সঠিক পরিচর্যার মাধ্যমে গাছের বেঁচে থাকার হার নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। তিনি বলেন, পরিচর্যার সক্ষমতা বিবেচনায় রেখেই বৃক্ষরোপণের পরিসর ও সংখ্যা নির্ধারণ করা উচিত।

আরও পড়ুন: গবিতে ‘ফিউচার রেডি ফার্মাসিস্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ফলজ ও বনজ বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, পরিকল্পিত বৃক্ষরোপণ সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি বিশুদ্ধ বায়ু নিশ্চিত করা, খাদ্য নিরাপত্তা জোরদার করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও টেকসই পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় দেশীয় বৃক্ষপ্রজাতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ-সংলগ্ন লনে আমগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে ফজলুল হক মুসলিম হল প্রাঙ্গণেও একটি গাছের চারা রোপণ করা হয়।