অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তির জন্য ঢাবিতে ১০ লাখ টাকার ‘মাহবুবল হক ও আনোয়ারা মাহবুব ট্রাস্ট ফান্ড’

Sanchoy Biswas
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ন, ০৮ জুলাই ২০২৬ | আপডেট: ৯:২৪ অপরাহ্ন, ০৮ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের দ্বিতীয় সেমিস্টারের অসচ্ছল শিক্ষার্থীদের নিয়মিত বৃত্তি প্রদানের লক্ষ্যে ‘মাহবুবল হক এবং আনোয়ারা মাহবুব ট্রাস্ট ফান্ড’ নামে ১০ লাখ টাকার একটি নতুন ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) ইডেন মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক জাফরুন নাহার তাঁর প্রয়াত বাবা-মায়ের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে এই ট্রাস্ট ফান্ডের জন্য ১০ লাখ টাকার একটি চেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে হস্তান্তর করেন।

আরও পড়ুন: দীর্ঘ ৫ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নাছিমা খাতুন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ এবং জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ট্রাস্ট ফান্ড গঠনের জন্য অধ্যাপক জাফরুন নাহারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ উদ্যোগের মাধ্যমে বিভাগের অসচ্ছল শিক্ষার্থীরা উচ্চশিক্ষা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ সহায়তা পাবে।

আরও পড়ুন: গবিতে ২৯তম একাডেমিক কাউন্সিল অনুষ্ঠিত

উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যালামনাইদের সম্পৃক্ততা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের কল্যাণে এগিয়ে আসতে অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রয়াত মাহবুবল হক ছিলেন একজন বিশিষ্ট শিক্ষানুরাগী, দক্ষ সংগঠক ও খ্যাতিমান সাংবাদিক। তিনি মহান ভাষা আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৫৪ সালের পূর্ববঙ্গ আইনসভা নির্বাচনে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ১৯৬২ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭৪ সালে ৫১ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

মাহবুবল হক ও আনোয়ারা মাহবুব দম্পতির চার কন্যার মধ্যে তিনজন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং একজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যালামনাই। তারা নিজ নিজ পেশাগত ক্ষেত্রে প্রতিষ্ঠিত রয়েছেন।