অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬-এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৫৮ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬-এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে (ওসিএন্ডএস) এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, এসজিপি, এসইউপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, জেনারেল অফিসার কমান্ডিং, লজিস্টিকস এরিয়া। তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং নবীন সৈনিকদের অভিবাদন গ্রহণ করেন।

আরও পড়ুন: গোপালগঞ্জে ভয়ংকর তাণ্ডবের ছক, এসআরবি কমান্ডার আটক

কুচকাওয়াজের মধ্য দিয়ে নবীন সৈনিকরা বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের সদস্য হিসেবে দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে অর্ডন্যান্স কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশের প্রতি অবদানের কথা তুলে ধরেন।

তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর পরিবর্তনশীল পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। একই সঙ্গে দেশের সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে নবীন সৈনিকদের প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ

পরে বিভিন্ন বিষয়ে কৃতিত্ব ও শ্রেষ্ঠত্ব অর্জনকারী নবীন সৈনিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য, প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটদের পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। তারা মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন।