হাদির ওপর হামলার ঘটনায় আমার মাথায় বাজ পড়েছে: সিইসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিইসি বলেন, “আমি আগেরদিন তফসিল ঘোষণা করলাম, আর পরদিনই এমন একটি ঘটনা ঘটলো। এই ঘটনাটা আমার কাছে মনে হয়েছে— আমার মাথার ওপর বাজ পড়েছে।” তিনি বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।
আরও পড়ুন: গণভোটের ফলাফলে বড় সংশোধনী: ‘হ্যাঁ’–‘না’ দুই ভোটই কমিয়ে সংশোধনী গেজেট জারি ইসির
রোববার (১৪ ডিসেম্বর) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।
বৈঠকের শুরুতেই প্রধান নির্বাচন কমিশনার ওসমান হাদির ওপর হামলার বিষয়টি তুলে ধরে বলেন, “এই ঘটনাটা আমার কাছে মনে হয়েছে— আমার মাথার ওপর বাজ পড়েছে। আমি আগেরদিন তফসিল ঘোষণা করলাম, আর পরদিনই এমন একটি ঘটনা ঘটলো। এটি খুবই দুঃখজনক।”
আরও পড়ুন: এমপি প্রার্থীদের নির্বাচনী ব্যয় যাচাই-বাছাই নিয়ে সংশয়
প্রসঙ্গত, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় রিকশাযোগে যাওয়ার সময় শরিফ ওসমান হাদিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি অনুসরণ করে। এক পর্যায়ে অটোরিকশার কাছে এসে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা।
গুরুতর আহত অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই নির্বাচন কমিশন জরুরি বৈঠক ডাকে। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার উপস্থিত ছিলেন।





