১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব সংগঠনের নির্বাচন স্থগিত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:১৬ পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:১৬ পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু এবং প্রভাবমুক্ত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ধরনের পেশাজীবী ও অন্যান্য সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা–২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।

আরও পড়ুন: প্রবাসীদের এনআইডি কার্যক্রমে অগ্রগতি: প্রস্তুত ১৮,৮৬৫ পরিচয়পত্র

চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই সময়ে যাতে নির্বাচনী পরিবেশে কোনো ধরনের প্রভাব বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সব পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি (চেম্বার অব কমার্স), সমবায় সমিতি, ট্রেড ইউনিয়নসহ নিবন্ধিত ও অনিবন্ধিত সব সংগঠনের নির্বাচন এ সময়ের মধ্যে আয়োজন করা যাবে না।

আরও পড়ুন: নির্বাচন পর্যবেক্ষণে সহযোগিতায় ইসিকে ধন্যবাদ ইইউ মিশনের

ইসি আরও জানায়, এসব সংগঠনের যেকোনো নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারির পর আয়োজন করতে হবে। সংসদ নির্বাচন চলাকালে স্থানীয় বা পেশাজীবী সংগঠনের নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অস্থিরতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।