নির্বাচন পর্যবেক্ষণে সহযোগিতায় ইসিকে ধন্যবাদ ইইউ মিশনের

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ন, ০৯ মার্চ ২০২৬ | আপডেট: ৪:৩৮ অপরাহ্ন, ০৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণকালে সহযোগিতা ও সমন্বয়ের জন্য বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন (ইইউইওএম)। নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণের সময় কমিশনের কর্মকর্তাদের পেশাদারিত্ব, সমন্বয় এবং দ্রুত সহায়তা তাদের কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেছে মিশনটি।

সোমবার (৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশে অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন নির্বাচন কমিশনের সার্বিক সহযোগিতার জন্য আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনের সচিবের কাছে হস্তান্তর করেছেন মিশনের নিরাপত্তা বিশেষজ্ঞ রজার ক্লেটন।

চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের পেশাদারিত্ব, কার্যকর সমন্বয়, সহযোগিতামূলক মনোভাব এবং দ্রুত প্রশাসনিক সহায়তা ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের কাজকে সহজ করেছে। একই সঙ্গে এসব সহায়তা বাংলাদেশের নির্বাচনী পরিবেশ, নীতি ও কার্যপদ্ধতি সম্পর্কে পর্যবেক্ষক দলকে সম্যক ধারণা পেতে সহায়তা করেছে।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ

ইইউ পর্যবেক্ষক মিশন তাদের বার্তায় পুরো নির্বাচন কমিশনের প্রতি ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও একই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে। তারা মনে করেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে এমন সমন্বয় নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও পারস্পরিক আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের ২২৩ জন সদস্যের একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে কাজ করেন। নির্বাচনকালীন সময়ে তাদের নিরাপত্তা, সমন্বয় ও বিভিন্ন প্রশাসনিক সহায়তা নিশ্চিত করে নির্বাচন কমিশন।