প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে আরও ৫৩ জন আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) চতুর্থ দিনের আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত দেয়।
ইসি জানায়, মঙ্গলবার মোট ৭০টি আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫৩টি আপিল মঞ্জুর এবং ১৭টি আপিল নামঞ্জুর করা হয়েছে। চার দিনে মোট ২০৪ জন প্রার্থী আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন।
আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচনে ভোটের ২৫ দিন আগেই চূড়ান্ত হবে কেন্দ্রের তালিকা
এর আগে, সোমবার (১২ জানুয়ারি) তৃতীয় দিনের শুনানিতে ৭১টি আপিলের মধ্যে ৪১টি মঞ্জুর, ২৫টি নামঞ্জুর এবং ৪টি আপিল অপেক্ষমাণ রাখা হয়।
রোববার (১১ জানুয়ারি) দ্বিতীয় দিনের শুনানিতে ৫৮টি আপিল মঞ্জুর, ৭টি নামঞ্জুর ও ৬টি অপেক্ষমাণ থাকে।
আরও পড়ুন: অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন গড়তে প্রস্তুতি জোরদার, জাতীয় ভোটের অভিজ্ঞতা কাজে লাগাবে ইসি
শনিবার (১০ জানুয়ারি) প্রথম দিনে শুনানি হওয়া ৭০টি আপিলের মধ্যে ৫২টি মঞ্জুর, ১৫টি নামঞ্জুর এবং একজন প্রার্থীর প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে দায়ের করা একটি আপিল মঞ্জুর করা হয়।
গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা ২৭০টি আসনে মোট ২,৫৬৮টি মনোনয়নপত্র যাচাই করেন। এর মধ্যে ১,৮৪২টি বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করা হয়। বাতিল প্রার্থীদের মধ্যে ৬৪৫ জন ইসিতে আপিল করেন।
সংশোধিত তফসিলের নির্বাচন সময়সূচি অনুযায়ী—
- আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।
- প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
- রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি।
- নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি।
- প্রচার চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।
- ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।





