প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জনমনে নানা সংশয় তৈরি
কিশোরগঞ্জের ৬টি আসনে ১৩ ফেব্রুয়ারি ভোট গণনা নিয়ে ডিসির রহস্যজনক বিজ্ঞপ্তি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের ছয়টি আসনে ভোটের একদিন পর ফলাফল একত্রীকরণ করে ঘোষণার বিজ্ঞপ্তিতে জনমনে নানা সংশয় তৈরি হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের ভোটের ফলাফল ১৩ ফেব্রুয়ারি বেলা ১০ ঘটিকায় একত্রীকরণ করে ঘোষণার আদেশ জারি করা হয়।
গত ৫০ বছরের নির্বাচন কমিশনের আইন ও প্রথা মোতাবেক, ভোট গ্রহণের পর থেকে বিরতিহীনভাবে ভোট গণনা করে কন্ট্রোলরুমে প্রাপ্ত ফলাফল বিরতিহীনভাবে ঘোষণা করা হয়। একই সাথে বিরতিহীনভাবে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। নির্বাচনী আইন, বিধি ও প্রথা লঙ্ঘন করে রিটার্নিং অফিসারের এই চিঠিতে জনমনে ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে নানা সন্দেহ ও সংশয় তৈরি হয়েছে।
আরও পড়ুন: প্রবাসী পোস্টাল ভোটে উদ্বেগ: ২ লাখ ৭৩ হাজারের বেশি প্রবাসী এখনো ভোট দেননি
তবে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা উক্ত বিজ্ঞপ্তির সত্যতা স্বীকার করে বলেন, চিঠিতে উল্লেখিত নির্বাচনে আইনের বিধান* অনুসরণ করা হয়েছে। নির্বাচনী আইনের লঙ্ঘন করা হয়নি। তাই প্রার্থী ও জনগণের সন্দেহ বা সংশয়ের কোনো সুযোগ নেই। তিনি আরো বলেন, "যেহেতু এইবার নির্বাচনে গণভোট ও একই সাথে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তাই ফলাফল প্রকাশে কিছু বিলম্ব হতে পারে। এ বিষয়টি বিবেচনা করেই ভোট গণনার পরদিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপস্থিতিতে ফলাফল একত্রিত করে ঘোষণা করা হবে।"
রিটার্নিং অফিসারের বিজ্ঞপ্তিতে বলা হয়: "এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ, বৃহস্পতিবার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অনুষ্ঠিত হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৩৭-এর বিধান অনুসারে উক্ত নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ০৬টি সংসদীয় আসনের (১৬২ কিশোরগঞ্জ-১, ১৬৩ কিশোরগঞ্জ-২, ১৬৪ কিশোরগঞ্জ-৩, ১৬৫ কিশোরগঞ্জ-৪, ১৬৬ কিশোরগঞ্জ-৫ ও ১৬৭ কিশোরগঞ্জ-৬) সংসদ সদস্য পদে নির্বাচনী ফলাফল আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ, শুক্রবার সকাল ১০:০০ ঘটিকায় জেলা প্রশাসক, কিশোরগঞ্জ ও রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অথবা তাঁদের নির্বাচনী এজেন্টদের সম্মুখে আইন ও বিধি মোতাবেক একত্রীকরণ করা হবে।
আরও পড়ুন: ব্যালট পেপার পৌঁছেছে ১১৬ আসনে: ইসি সচিব
এমতাবস্থায়, সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী অথবা তাঁদের নির্বাচনী এজেন্টকে উল্লিখিত স্থানে ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।"





