হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার
শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) এই চিঠি পাঠানো হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রীর তারিক রহমানের
বিবৃতিতে বলা হয়, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করতে জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনগত দিক সরকার গভীরভাবে পর্যালোচনা করছে। সেই ধারাবাহিকতায় আগামী রোববার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বর্তমান সংবেদনশীল রাজনৈতিক প্রেক্ষাপটে সবাইকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। এতে আরও বলা হয়, দেশের প্রায় ১৮ কোটি মানুষ অধীর আগ্রহে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
একই সঙ্গে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি বর্তমানে বাংলাদেশের দিকে নিবদ্ধ রয়েছে। বিদেশি বহু সাংবাদিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষক ইতোমধ্যে বাংলাদেশে অবস্থান করছেন।
সরকার আশা প্রকাশ করে জানায়, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্থিতিশীলতা বজায় রাখতে সকল পক্ষের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।





