ইসিতে বড় রদবদল: ১১২ উপজেলা নির্বাচন কর্মকর্তা বদলি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
আরও পড়ুন: নির্বাচনী ব্যয়ে জমা না দেওয়ায় ২১ জন এমপি প্রার্থীর বিরুদ্ধে নজরদারি বাড়াচ্ছে ইসি
অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়সহ দেশের বিভিন্ন উপজেলা ও থানায় কর্মরত ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বদলি হওয়া কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে তারা ওইদিন অপরাহ্ণে বর্তমান কর্মস্থল থেকে সরাসরি অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।
আরও পড়ুন: নির্বাচন ভবন ঘিরে অবৈধ কম্পিউটার-ফটোকপি দোকান গুঁড়িয়ে দিল ইসি
ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে এটিই কমিশনের সবচেয়ে বড় বদলির উদ্যোগ। সামনে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন রয়েছে। এসব নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে প্রশাসনিক প্রস্তুতির অংশ হিসেবেই এ রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে সোমবারই ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূত। বৈঠকে তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও নির্বাচন কমিশনের পাশে থাকার আশ্বাস দেন বলে জানা গেছে।





