যে সব তারকা আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ২:০১ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২৩ | আপডেট: ৮:০৯ পূর্বাহ্ন, ২২ নভেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন ক্রিকেট ও বিনোদন জগতের একঝাঁক তারকা। গতকাল মঙ্গলবার ছিল আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন। এবার ৩০০ আসনে দলটির ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। অর্থাৎ, প্রতি আসনে গড়ে বিক্রি হয়েছে ১১টির বেশি। মনোনয়ন ফরম বিক্রি করে দলের আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

এবার দলের বর্তমান এমপি ও রাজনীতিবিদের পাশাপাশি চিত্রতারকা, সংগীতশিল্পী, ক্রিকেটার, ফুটবলার, ব্যবসায়ী, চিকিৎসক, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, প্রশাসন ও পুলিশের সাবেক শীর্ষস্থানীয় কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার মানুষের নাম রয়েছে মনোনয়নপ্রত্যাশীর তালিকায়।

আরও পড়ুন: রেহান রাসুল ও রাপ্তি সারওয়াতের নতুন গান ‘দূরত্ব’

৪ দিনব্যাপী ফরম বিক্রির কার্যক্রমে ইতিমধ্যেই দলটির হয়ে ফরম কিনেছেন সাবেক মন্ত্রী ও বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর, অভিনেত্রী শমী কায়সার, রোকেয়া প্রাচী, মমতাজ বেগম, চিত্রনায়িকা মাহিয়া মাহি, চিত্রনায়ক শাকিল খান, চিত্রনায়ক রুবেল ও সিদ্দিকুর রহমান।

এখন আগ্রহীদের চূড়ান্ত মনোনয়নের জন্য আগামীকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের প্রথম সভা বসবে। বেলা ১১টায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠেয় ওই সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০০ আসনের মনোনয়ন চূড়ান্ত করতে তিন-চার দিন লাগতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে। 

আরও পড়ুন: শিল্প একটি পরিচয়,শিল্প একটি সংস্কৃতি : প্রভা

যেসব তারকা প্রার্থী হতে চান

বিনোদন জগতের তারকাদের মধ্যে চিত্রনায়িকা মাহিয়া মাহি (চাঁপাইনবাবগঞ্জ-২), সিমলা (ঝিনাইদহ-১), নায়ক মাসুদ পারভেজ রুবেল (বরিশাল-৩),  অভিনেতা ড্যানি সিডাক (ঢাকা-১০) ও সিদ্দিকুর রহমান (ঢাকা ১৭ ও টাঙ্গাইল-১), চিত্রনায়ক শাকিল খান (বাগেরহাট-৩) আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দুই অভিনেত্রী শমী কায়সার ও রোকেয়া প্রাচী।

এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ না করলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে মাঠে সক্রিয় থাকবেন চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, অভিনেত্রী অরুণা বিশ্বাস, তারিন জাহান, তানভীন সুইটি, জ্যোতিকা জ্যোতি, নিপুণ আক্তার, উর্মিলা শ্রাবন্তী করসহ অনেকেই।