শাকিরার নতুন লুকে তোলপাড় সোশ্যাল মিডিয়া
আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বিশ্বজুড়ে এখন তুমুল উন্মাদনা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই টুর্নামেন্টে খেলোয়াড়দের পাশাপাশি আলোচনার শীর্ষে রয়েছেন কলম্বিয়ান পপ কুইন শাকিরা। বিশ্বকাপ আমেজের এমন তপ্ত সময়ে নিজের কিছু নতুন গ্ল্যামারাস ছবি শেয়ার করে নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছেন এই লাতিন সাম্রাজ্যরানি। মঙ্গলবার শাকিরার অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা কিছু ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। যেখানে তার খোলামেলা ও সাহসী লুক ভক্তদের নজর কেড়েছে।
ছবিগুলোতে দেখা যায়, একটি বর্ণিল ও ব্যতিক্রমী ডিজাইনের করসেট স্টাইলের টপস এবং ম্যাচিং ফিটিং প্যান্ট পরেছেন শাকিরা। উজ্জ্বল সোনালী ব্যাকগ্রাউন্ডে ভিন্ন ভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন তিনি। সঙ্গে তার খোলা দীর্ঘ সোনালী চুল এবং আত্মবিশ্বাসী চাহনি ছবিগুলোকে আরও দৃষ্টিনন্দন করে তুলেছে। কমেন্ট বক্সে ভক্তদের প্রশংসামূলক মন্তব্য আর প্রতিক্রিয়ার জোয়ার বয়ে যাচ্ছে। ৪৯ বছর বয়সেও শাকিরার এমন দারুণ ফিটনেস দেখে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই।
আরও পড়ুন: ছুটি কক্সবাজারের শুভেচ্ছা দূত হলেন তারকা দম্পতি সেলিম-রোজি
মূলত বিশ্বমঞ্চে বড় দুটি ধামাকার আবহেই শাকিরার এই নতুন অবতার সামনে এলো। সম্প্রতি নাইজেরিয়ান গায়ক বুর্না বয়ের সঙ্গে শাকিরার গাওয়া বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ মুক্তি পেয়েছে, যা ইতিমধ্যেই শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।
আগামী জুনে শুরু হতে যাওয়া মেগা বিশ্বকাপের ফাইনালের হাফ টাইমে নিউ জার্সির মাঠে মার্কিন পপ ডিভা ম্যাডোনা এবং কোরিয়ান পপ সেনসেশন বিটিএস (BTS)-এর সঙ্গে মঞ্চ কাঁপাবেন শাকিরা।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে চিরনিদ্রায় শায়িত কারিনা
ফুটবল বিশ্বকাপের মঞ্চে শাকিরা সবসময়ই একটি অতি পরিচিত ও তুমুল জনপ্রিয় নাম। ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের ঐতিহাসিক ও কালজয়ী গান ‘ওয়াকা ওয়াকা’ ছাড়াও ২০০৬ এবং ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালেও চোখধাঁধানো পারফর্ম করে দর্শকদের মাতিয়েছিলেন এই পপ তারকা। এবারও নতুন থিম সং ও ফাইনালের মেগা পারফরম্যান্সের আগে এই গ্ল্যামারাস ফটোশুটের মাধ্যমে যেন নতুন করে নিজের রাজত্বের জানান দিলেন শাকিরা।





