শাকিব খানের ‘রকস্টার’ মুক্তির আগেই নতুন দুশ্চিন্তা

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:০০ অপরাহ্ন, ০৪ জুন ২০২৬ | আপডেট: ৮:৪৮ অপরাহ্ন, ০৪ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ মুক্তির এক সপ্তাহ না পেরোতেই পাইরেসির শিকার হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সিনেমাটির পূর্ণাঙ্গ কপি ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। এতে সিনেমাটির দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

গেল কোরবানি ঈদে মুক্তি পাওয়া ‘রকস্টার’ নিয়ে দর্শকদের মধ্যে বেশ প্রত্যাশা ছিল। বিশেষ করে রোজার ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের বিগ বাজেটের সিনেমা ‘প্রিন্স’ প্রত্যাশিত সাড়া না পাওয়ায়, ‘রকস্টার’কে ঘিরে নতুন আশার সৃষ্টি হয়েছিল। তবে মুক্তির পর সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। পাশাপাশি বক্স অফিসেও আশানুরূপ ব্যবসার দেখা মেলেনি।

আরও পড়ুন: নিষিদ্ধ সম্পর্ক ও মানবিক বার্তার গল্পে ঋতুপর্ণা

মিউজিক্যাল ঘরানার সিনেমা হওয়া সত্ত্বেও ‘রকস্টার’-এর কোনো গান দর্শকমহলে উল্লেখযোগ্য জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। ফলে সিনেমাটির প্রচারণা ও দর্শক টানার ক্ষেত্রে এটি একটি বড় সীমাবদ্ধতা হিসেবে দেখা হচ্ছে।

এদিকে দেশের বাজারে প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর বিদেশে সিনেমাটি মুক্তির প্রস্তুতি চলছিল। সংশ্লিষ্টরা আশা করেছিলেন, আন্তর্জাতিক বাজার থেকে অতিরিক্ত আয় সিনেমাটির ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলবে। কিন্তু এর মধ্যেই পাইরেসির ঘটনা সামনে আসায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুন: ভক্তদের উদ্দ্যেশে যা বললেন বিদ্যা সিনহা মিম

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন স্ক্রিনশট ও পোস্টে দেখা গেছে, কয়েকটি গ্রুপ ও লিংকের মাধ্যমে ‘রকস্টার’ অবৈধভাবে শেয়ার করা হচ্ছে। বিষয়টি নিয়ে চলচ্চিত্রপ্রেমী, হল মালিক ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

উল্লেখ্য, শাকিব খানের সিনেমার ক্ষেত্রে পাইরেসির ঘটনা নতুন নয়। এর আগে ‘প্রিন্স’, ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’-সহ তার অভিনীত বেশ কয়েকটি আলোচিত সিনেমাও একই সমস্যার মুখে পড়েছিল।

তবে ‘রকস্টার’ পাইরেসির ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি সিনেমাটির পরিচালক আজমন রুশো কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আজমন রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তারিক আনাম খান, আহমেদ হাসান সানি, জাহিদ নিরব, পান্থ কানাই, কাজী সাবির, রোজী সিদ্দিকী ও দিলারা জামান।