মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত শোবিজ তারকারা, সামাজিক মাধ্যমে অভিনন্দনের জোয়ার
২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মাত্র ১৭ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর হ্যাটট্রিক পূর্ণ করেন এই বিশ্বসেরা ফুটবলার। মেসির অসাধারণ নৈপুণ্যে আর্জেন্টিনার বড় জয় উদযাপনে মেতেছেন ঢাকাই শোবিজ অঙ্গনের তারকারাও।
বুধবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি ও আর্জেন্টিনার জয়ের প্রশংসা করে পোস্ট দিয়েছেন অভিনেত্রী পরীমণি, মেহজাবীন চৌধুরী, কেয়া পায়েল, সংগীতশিল্পী তাসরীফ খানসহ অনেক তারকা।
আরও পড়ুন: ব্রাজিল সমর্থক বুবলীর মুখেও মেসি বন্দনা, হ্যাটট্রিক দেখে প্রশ্ন
অভিনেত্রী পরীমণি খেলা উপভোগ করার একটি ছবি শেয়ার করে আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেন। একই সঙ্গে আর্জেন্টিনার জার্সি পরা ছেলের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।’
অন্যদিকে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আর্জেন্টিনার জয়ের পর ফেসবুকে আর্জেন্টিনার পতাকার প্রতীক ব্যবহার করে সংক্ষিপ্ত একটি পোস্টে লেখেন, ‘ঠিক আছে, শুভরাত্রি।’
আরও পড়ুন: পরীমণির বায়োপিক নিয়ে নতুন আলোচনা
তরুণ অভিনেত্রী কেয়া পায়েল মেসির ছবি শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি লেখেন, ‘মেসিইইইই, মেসিইইইই, লিও মেসিইইইইইই সব সময়ই সে। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করলেন মেসি, কী দারুণ গোল!’
অভিনেত্রী তানিয়া বৃষ্টিও মেসির পারফরম্যান্সে মুগ্ধতা প্রকাশ করেন। আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, ‘বিজয়ীর মানসিকতা! অভিনন্দন আর্জেন্টিনা, মেসি।’
সংগীতশিল্পী তাসরীফ খান মেসির ছবি পোস্ট করে লেখেন, ‘সারাজীবন বুক ফুলিয়ে বলবো আমরা মেসির খেলা দেখা প্রজন্ম। কী অসাধারণ হ্যাটট্রিক মেসির!’
অভিনেতা খায়রুল বাসার মজার ছলে প্রতিপক্ষ সমর্থকদের উদ্দেশে মন্তব্য করেন, ‘প্রথম দিনেই হ্যাটট্রিক, রাগ করলা?’
একই সুরে অভিনেতা ইরফান সাজ্জাদও লেখেন, ‘বুঝলাম না মেসি পেনাল্টি থেকে পরপর তিনটা গোল দিয়ে দিল, আর তোমাদের কোনো আওয়াজ নাই! রাগ করলা নাকি?’
এদিকে ব্রাজিলের সমর্থক হলেও আর্জেন্টিনার জন্য শুভকামনা জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী পড়শী। ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আমি ব্রাজিল সমর্থক হলেও আর্জেন্টিনার জন্য শুভকামনা। কারণ আমি ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই।’
মেসির দুর্দান্ত প্রত্যাবর্তন ও হ্যাটট্রিক শুধু আর্জেন্টিনা সমর্থকদেরই নয়, শোবিজ তারকা থেকে সাধারণ ফুটবলপ্রেমীদের মধ্যেও উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে।





