আমির খানের তৃতীয় বিয়ের গুঞ্জনের মাঝেই ট্রলের মুখে কিরণ রাও

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ন, ১৮ জুন ২০২৬ | আপডেট: ১:৪৪ অপরাহ্ন, ১৮ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিয়ের গুঞ্জন যখন তুঙ্গে, ঠিক সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তার প্রাক্তন স্ত্রী ও খ্যাতনামা পরিচালক কিরণ রাও। তবে কোনো নতুন সিনেমা বা পরিচালনা নয়, এবার তার ব্যতিক্রমী পোশাক ও স্টাইল নিয়েই শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

সম্প্রতি বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ‘লগান’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ছেলে আজাদকে সঙ্গে নিয়ে উপস্থিত হন কিরণ রাও। অনুষ্ঠানে তার ভিন্নধর্মী সাজ নজর কাড়লেও পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের বিষয় হয়ে ওঠে।

আরও পড়ুন: মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত শোবিজ তারকারা, সামাজিক মাধ্যমে অভিনন্দনের জোয়ার

অনুষ্ঠানে কিরণের পরনে ছিল সাদা-কালো চেকের একটি শাড়ি, যা তিনি গামছার মতো স্টাইলে গিঁট বেঁধে পরেছিলেন। ব্লাউজের পরিবর্তে তিনি পরেছিলেন একটি কালো টি-শার্ট, যাতে লেখা ছিল— ‘খোঁজ পেলে যোগাযোগ করবেন’। চোখে চশমা, কপালে ছোট্ট টিপ এবং সম্পূর্ণ মেকআপবিহীন স্বাভাবিক লুকে তিনি লাল গালিচায় হাজির হন।

তার এই লুকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা ধরনের মন্তব্য। অনেকেই আমির খানের সম্ভাব্য তৃতীয় বিয়ের প্রসঙ্গ টেনে কিরণকে কটাক্ষ করেন। একজন মন্তব্য করেন, ‘আমিরের তৃতীয় বিয়েতেও কি তিনি এই পোশাকই পরবেন?’ আবার আরেকজন লেখেন, ‘কিরণ রাও আসলে কী পরেছেন, সেটা কি কেউ বুঝিয়ে বলবেন?’

আরও পড়ুন: ব্রাজিল সমর্থক বুবলীর মুখেও মেসি বন্দনা, হ্যাটট্রিক দেখে প্রশ্ন

তবে সমালোচনার পাশাপাশি কিরণের পক্ষে অবস্থান নিয়েছেন তার অনুরাগীরাও। তাদের মতে, কিরণ বরাবরই প্রচলিত ফ্যাশনের বাইরে গিয়ে নিজের স্বকীয়তা বজায় রেখেছেন। গ্ল্যামার ও চাকচিক্যের চেয়ে ব্যক্তিত্বকেই বেশি গুরুত্ব দেন তিনি। ফলে তার এই ভিন্নধর্মী স্টাইলকে ইতিবাচকভাবেই দেখছেন অনেক ভক্ত।

উল্লেখ্য, ২০২১ সালে আমির খান ও কিরণ রাওয়ের বিবাহবিচ্ছেদ হলেও দুজনের মধ্যে এখনো সুসম্পর্ক বজায় রয়েছে। তারা যৌথভাবে ছেলে আজাদের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে পরিচালক হিসেবে কিরণ রাও সম্প্রতি আলোচনায় আসেন তার পরিচালিত চলচ্চিত্র ‘লাপাতা লেডিজ’-এর মাধ্যমে, যা আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়িয়েছে।

তবে এবার ক্যারিয়ারের সাফল্যের চেয়ে বেশি আলোচনায় এসেছে তার ব্যতিক্রমী ফ্যাশন সেন্স, যা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে তুমুল বিতর্ক।