বিজয়ের জন্মদিনে তৃষার ‘প্রেমময়’ ছবি ভাইরাল, সম্পর্কের গুঞ্জনে নতুন মাত্রা
ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তামিল সিনেমার জনপ্রিয় তারকা থালাপতি বিজয়ের জন্মদিন ছিল ২২ জুন। জন্মদিন উপলক্ষে ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হন তিনি। তবে শুরুতে একটি বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়—বিজয়কে প্রকাশ্যে জন্মদিনের শুভেচ্ছা জানাননি অভিনেত্রী তৃষা কৃষ্ণান।
এ নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, বিজয় ও তৃষার সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এমনকি কিছু নেটিজেন দাবি করেন, তৃষা নাকি ইনস্টাগ্রামে বিজয়কে আনফলোও করেছেন। ফলে দুজনের সম্পর্ক নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়।
আরও পড়ুন: নৃত্য পরিচালক জাকির হোসেন মারা গেছেন
তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে গতকাল রাতে একটি বিশেষ ছবি প্রকাশ করেন তৃষা। ছবিতে দেখা যায়, তৃষার সঙ্গে একান্তে জন্মদিনের কেক কাটছেন বিজয়। দুজনের মুখেই ছিল উচ্ছ্বাস ও আনন্দের হাসি।
ছবির ক্যাপশনে তৃষা ইঙ্গিত দেন, জন্মদিনের প্রথম মুহূর্তই বিজয়ের সঙ্গে কাটিয়েছেন তিনি। সময়ের উল্লেখ করে ‘০০.০০’ লিখেছেন অভিনেত্রী। পাশাপাশি তিনি লেখেন, ‘যে মানুষটি সবকিছুকে সার্থক করে তোলে, তাকে জন্মদিনের শুভেচ্ছা।’ পোস্টের সঙ্গে যুক্ত করেন হৃদয়ের ইমোজিও।
আরও পড়ুন: তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন অ্যান হ্যাথাওয়ে
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। মাত্র ১৫ ঘণ্টার মধ্যে ছবিটিতে ৪৪ লাখের বেশি রিঅ্যাকশন পড়ে এবং মন্তব্যের সংখ্যা পৌঁছে যায় প্রায় তিন লাখে। ভক্তদের অনেকেই এটিকে বিজয়-তৃষার সম্পর্ক নিয়ে নতুন ইঙ্গিত হিসেবে দেখছেন।
এদিকে বিজয়কে আনফলো করার গুঞ্জন নিয়েও নতুন তথ্য সামনে এসেছে। জানা গেছে, তৃষা কখনোই ইনস্টাগ্রামে বিজয়কে ফলো করতেন না। ফলে আনফলো করার দাবিটি ভিত্তিহীন বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ১৯৯৯ সালে সংগীতা স্বর্ণালিঙ্গমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয়। সম্প্রতি তাদের দাম্পত্য জীবন নিয়ে বিচ্ছেদের গুঞ্জনও শোনা যায়। অন্যদিকে বেশ কিছুদিন ধরেই তৃষা কৃষ্ণানের সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আলোচনা চলছে। তামিলনাড়ুর নির্বাচনী প্রচারণার সময়ও বিজয়ের সমর্থনে তৃষার উপস্থিতি নজর কেড়েছিল। এবার জন্মদিনের এই ‘প্রেমময়’ ছবি সেই গুঞ্জনকে আরও উসকে দিল বলে মনে করছেন অনেকে।





