বিশ্বকাপের উন্মাদনার মাঝেই অমিতাভের পোস্ট নিয়ে বিতর্ক

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ন, ০৮ জুলাই ২০২৬ | আপডেট: ৭:১০ অপরাহ্ন, ০৮ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলমান ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রশংসা করতে গিয়ে খেলোয়াড়দের গায়ের রঙ উল্লেখ করে করা তার মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

সম্প্রতি প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে ফ্রান্স। ম্যাচে জয়সূচক গোল করেন দলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। দলের পারফরম্যান্সের প্রশংসা জানাতে গিয়ে অমিতাভ বচ্চন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন।

আরও পড়ুন: মা হওয়ার পর প্রথমবার ক্যামেরায় ফিরছেন বুবলী

ওই পোস্টে তিনি লেখেন, “এবার বলেই দিই। এই ফরাসি দলে ১১ জন ফুটবলার আছেন। তার মধ্যে ১০ জন কালো এবং একজন সাদা। এটাই হলো কালো মানুষের শক্তি।”

পোস্টটি প্রকাশের পরপরই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেক ব্যবহারকারী মন্তব্য করেন, খেলোয়াড়দের পারফরম্যান্স বা সাফল্য মূল্যায়নের ক্ষেত্রে তাদের গায়ের রঙ নয়, বরং দক্ষতা, অবদান এবং জাতীয় পরিচয়ই হওয়া উচিত মূল বিবেচ্য বিষয়।

আরও পড়ুন: নতুন জীবনের শুরু আমির খানের!

সমালোচনাকারীদের একাংশের মতে, প্রশংসার উদ্দেশ্যে করা হলেও এ ধরনের মন্তব্য সংবেদনশীল এবং ভুল বার্তা দিতে পারে। অনেকেই এটিকে অপ্রয়োজনীয় ও বর্ণভিত্তিক মন্তব্য হিসেবে অভিহিত করেছেন।

বর্তমান ফ্রান্স দলে কিলিয়ান এমবাপে, উসমান ডেম্বেলে ও মাইকেল ওলিসের মতো খেলোয়াড় যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তেমনি লুকাস ডিনে, আদ্রিয়ান রাবিওসহ অন্যান্য খেলোয়াড়ও দলের সাফল্যে অবদান রেখে চলেছেন। ফুটবল বিশ্লেষকদের মতে, জাতীয় দলের সাফল্য আসে পুরো দলের সম্মিলিত পারফরম্যান্স থেকে, ব্যক্তিগত পরিচয় বা বর্ণের ভিত্তিতে নয়।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অমিতাভ বচ্চন এ বিতর্ক নিয়ে নতুন কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া জানাননি।