বিশ্বকাপ ফাইনালে ইতিহাসের প্রথম ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন বিশ্বখ্যাত তারকারা

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬ | আপডেট: ১:৩৩ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। শিরোপা নির্ধারণী ম্যাচের পাশাপাশি এবার বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে বিশ্বকাপ ইতিহাসের প্রথম আনুষ্ঠানিক ‘হাফটাইম শো’, যা সুপার বোলের আদলে আয়োজনের পরিকল্পনা করেছে ফিফা। রোববার রাতে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচে এই বিশেষ আয়োজনের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই বিশেষ সংগীতানুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন কলম্বিয়ার বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের অফিসিয়াল গান ‘ওয়াকা ওয়াকা (This Time for Africa)’ গেয়ে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ফুটবল ও শাকিরার নাম যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে।

আরও পড়ুন: অতীতের বিতর্ক নিয়ে মুখ খুললেন প্রভা

এ ছাড়া ফাইনালের মঞ্চে ম্যাডোনা, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস এবং কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার পারফর্ম করতে পারেন বলে জানা গেছে।

আয়োজনকে আরও বর্ণিল করতে উপস্থিত থাকতে পারেন হলিউড অভিনেতা টম ক্রুজ, ইতালিয়ান সংগীতশিল্পী লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার, ব্রিটিশ গায়ক রবি উইলিয়ামস এবং জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড। এছাড়া যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের সম্ভাব্য তালিকায় রয়েছেন গ্র্যামিজয়ী শিল্পী জেনিফার হাডসন।

আরও পড়ুন: মেসিকে ঘিরে মন্তব্যের জেরে ওমর সানি–জয়ের পাল্টাপাল্টি পোস্ট

বিশ্বকাপের সাধারণ ম্যাচে হাফটাইম বিরতি ১৫ মিনিট হলেও ফাইনালের এই বিশেষ আয়োজনের জন্য বিরতি কিছুটা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ফিফার তথ্য অনুযায়ী, নিয়মিত বিরতির সঙ্গে অতিরিক্ত সময় যুক্ত করে বিশেষ সংগীতানুষ্ঠান আয়োজন করা হতে পারে।

তবে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) বিদ্যমান আইন অনুযায়ী, খেলোয়াড়রা সর্বোচ্চ ১৫ মিনিটের হাফটাইম বিরতির অধিকারী। ফলে বিশেষ আয়োজনের সময়সূচি নিয়ে ফিফা কীভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, সেদিকেও নজর থাকবে ফুটবলপ্রেমীদের।

বিশ্বকাপের ফাইনাল ঘিরে মাঠের লড়াইয়ের পাশাপাশি এই সংগীতানুষ্ঠানও কোটি দর্শকের জন্য হতে পারে অন্যতম আকর্ষণ।