সম্পর্ক নিয়ে আবেগঘন বার্তা দিলেন প্রভা
বিনোদন ডেস্ক: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ও জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে প্রায়ই লেখেন। তাঁর এসব লেখা ভক্ত ও নেটিজেনদের মধ্যে আগ্রহ তৈরি করে। এবার সম্পর্ক, আত্মসম্মান ও মানসিক শান্তি নিয়ে একটি দীর্ঘ ও আবেগঘন বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। শুক্রবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রভা সম্পর্ক তৈরি ও ভেঙে যাওয়া নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন।
প্রভা লেখেন, ‘সম্পর্ক ছিন্ন করা মানে মানুষের কাছ থেকে হাল ছেড়ে দেওয়া নয়। বরং কখনও কখনও এটি নিজের কাছে অবশেষে সত্যি স্বীকার করা—একসময় যে সম্পর্কটি অর্থবহ ছিল, সেটিই এখন ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে।’
আরও পড়ুন: প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা
তিনি আরও লেখেন, ভালোবাসার বিনিময়ে কারও মানসিক শান্তি, পরিচয় কিংবা মানসিক স্বাস্থ্য বিসর্জন দেওয়া উচিত নয়। তাঁর ভাষায়, যারা শুধু নিজেদের প্রয়োজনের সময় পাশে আসে, তারা হয়তো সরাসরি উপকার না করলেও একজন মানুষকে ধীরে ধীরে নিঃশেষ করে দিতে পারে।
পরিবারের সম্পর্কের ক্ষেত্রেও সীমারেখার গুরুত্ব তুলে ধরেন প্রভা। তিনি বলেন, পরিবারের এমন মানুষও থাকতে পারেন, যারা সীমা লঙ্ঘন করেন। আবার কেউ পাশে থাকার পরও একজন মানুষকে একাকিত্ব অনুভব করাতে পারেন।
আরও পড়ুন: নতুন অতিথির অপেক্ষায় দীপিকা
প্রভার ভাষায়, এসব পরিস্থিতিতে মানুষ পরিবর্তনের আশায় চেষ্টা চালিয়ে যায়। কিন্তু একসময় সে বুঝতে পারে, অন্যকে পরিবর্তন করার চেষ্টায় গিয়ে সে নিজেই হারিয়ে যাচ্ছে।
জীবন থেকে কাউকে বা কোনো সম্পর্ককে সরিয়ে দেওয়াকে নির্মমতা হিসেবে না দেখার আহ্বান জানিয়েছেন প্রভা। তিনি লেখেন, ‘জীবন থেকে সবকিছু সরিয়ে নেওয়া কোনো নির্মমতা নয়, বরং এটি একটি সাহসিকতার পরিচয়।’ মিথ্যা ভান করার পরিবর্তে সত্যকে গ্রহণ করা এবং নীরব যন্ত্রণার চেয়ে আত্মসম্মানকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন তিনি।
প্রভা আরও লেখেন, অনেকে হয়তো বলবেন মানুষটি বদলে গেছে। কিন্তু তাঁর মতে, কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়া মানেই তাকে পরিত্যাগ করা নয়; অনেক সময় এটি নিজেকে বাঁচানোর সিদ্ধান্ত। সম্পর্ক থেকে বেরিয়ে আসা ও মানসিক সুস্থতার বিষয়টি আরও স্পষ্ট করেন প্রভা।
তিনি লেখেন, ‘যেখানে প্রতিনিয়ত আঘাত পাওয়া যায় সেখানে কখনো নিরাময় সম্ভব নয়। যে পরিবেশ আপনার মানসিক পরিসরকে সংকুচিত করে, সেখানে কখনো বেড়ে ওঠা যায় না। কোনো সম্পর্ক বা পরিস্থিতি থেকে সরে আসা মানেই কাউকে পরিত্যাগ করা নয়। বরং এটি নিজের আত্মমর্যাদা ফিরে পাওয়ার একটি পথ। ‘মাঝে মাঝে কোনো কিছু ছেড়ে দেওয়াটাই ভালোবাসার সবচেয়ে বড় এবং শক্তিশালী প্রকাশ হতে পারে।’





