গ্ল্যামার নয়, মাটির কাছেই জয়া আহসানের অন্যরকম সুখ

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬ | আপডেট: ১০:০২ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের পাশাপাশি কৃষিকাজেও নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। গ্ল্যামার জগতের ব্যস্ততার বাইরে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এই অভিনেত্রী। বাড়ির বাগানে নিজ হাতে চাষ করছেন নানা ধরনের সবজি, ফল ও ফুল।

জয়া আগেই জানিয়েছিলেন, বাড়ির রান্নার জন্য প্রয়োজনীয় অনেক কিছুই বাইরে থেকে কিনতে হয় না। নিজেদের আবাদ করা ফসল দিয়েই রান্নাঘরের চাহিদা মেটানোর চেষ্টা করেন তারা। অভিনয়ের ব্যস্ততা থেকে অবসর পেলেই নিজের কৃষি আঙিনায় সময় দেন অভিনেত্রী।

আরও পড়ুন: মদিনায় বিয়ে করলেন মিস্টার ফাইসু

সোমবার (২৪ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে নিজের বাগানের সদ্য তোলা ফসলের খবর জানান জয়া। ছবিতে দেখা যায় বড় দুটি ওল কচু, বেশ কয়েকটি পাকা পেঁপে, জালি কুমড়া, ধুন্দুল, লেবু, কলার মোচা ও পদ্মফুল।

ছবিগুলোতে টাটকা সবজি ও ফুল নিয়ে আনন্দের মুহূর্ত ধরা পড়ে। ক্যাপশনে জয়া লিখেছেন, ‘বাড়ির চারপাশের জঙ্গল থেকে উঠে আসা কত রকমের সবজি। এই ওল কচুটাও নিজের হাতে লাগিয়েছিলাম; ভাবছি কলার মোচা দিয়ে একটা ক্রিসপি সালাদ বানাব, একটু ফিউশনের মতো হবে।’

আরও পড়ুন: দুর্ঘটনার কবলে তানজিন তিশা, অল্পের জন্য রক্ষা

জয়ার বাগানের এসব ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যেও বেশ আগ্রহ দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিনেত্রীর কৃষিকাজের প্রশংসা করেছেন এবং তাকে উৎসাহ দিয়েছেন।

অভিনয়ের পাশাপাশি নিজের হাতে চাষাবাদ করে ফসল ফলানোর এই উদ্যোগে জয়ার জীবনযাপনের ভিন্ন একটি দিকও সামনে এসেছে। প্রকৃতির সঙ্গে সময় কাটানো এবং নিজের আবাদ করা ফসল ঘরে তোলার আনন্দই যেন সেখানে বেশি গুরুত্ব পাচ্ছে।

এদিকে অভিনয়ে জয়া আহসানকে সর্বশেষ দেখা গেছে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায়। কিছুদিন আগে ভারতে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শক-সমালোচকদের প্রশংসা পেয়েছে।